যদিও এই বিষয়ে নয়াদিল্লি বা ইসলামাবাদ কেউই কোনও মন্তব্য করেনি। এর আগে ভারতীয় সেনা জানিয়েছিল যে, কিরানা হিলসে কোনও রকম হামলা চালানো হয়নি। এই পার্বত্য এলাকাটি পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সারগোদা জেলায় অবস্থিত এবং এটি পাকিস্তান সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। ধারণা করা হয়, পাকিস্তানের কাছে থাকা প্রায় ১৭০টি পারমাণবিক ওয়ারহেডের মধ্যে কিছু এই কিরানা হিলে মজুত রাখা আছে।
অতীতেও এই পাহাড়ে ভারতীয় হামলার সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সম্প্রতি গুগল আর্থের নতুন ছবি প্রকাশ পাওয়ার পর সেই জল্পনা আরও বেড়েছে। ড্যামিয়েন সাইমন গুগল আর্থের ছবি বিশ্লেষণ করে দাবি করেছেন যে, মে মাসে তোলা ছবিগুলিতে ওই এলাকার ক্ষতিগ্রস্ত অংশগুলি স্পষ্ট দেখা যাচ্ছে। তিনি সারগোধা বিমান ঘাঁটির একটি ছবিও প্রকাশ করেছেন, যেখানে ভারত হামলা চালিয়েছিল। যদিও বর্তমানে সেই রানওয়ে মেরামত করা হয়েছে।
‘অপারেশন সিঁদুর'-এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় কিরানা হিলসের ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন জল্পনা শুরু হয়। এই বিষয়ে এয়ার মার্শাল এ কে ভারতীকে প্রশ্ন করা হলে তিনি স্পষ্টভাবে জানান, "না, এমন কোনও জায়গায় হামলা চালায়নি ভারত।" তিনি আরও বলেন, "কিরানা হিলসে যে পরমাণু ঘাঁটি রয়েছে এ তথ্য আমাদের দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। এমন কোনও তথ্য আমাদের কাছে নেই। তবে কিরানা হিলসে আমরা হামলা চালাইনি। সেখানে যাই থাকুক না কেন।"
ড্যামিয়েন সাইমনের এই নতুন দাবি ফের বিতর্ক সৃষ্টি করেছে।
এই বিতর্কের বিষয়ে সরকারিভাবে এখনও কোনও নিশ্চিত খবর পাওয়া যায়নি, তবে ড্যামিয়েন সাইমনের উপগ্রহ চিত্রের বিশ্লেষণ নতুন করে জল্পনা তৈরি করেছে।