ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে ভারতীয় শিবিরে একের পর এক খেলোয়াড়ের চোট সমস্যা দেখা দিয়েছে। ফলে দল বেশ দুর্বল হয়ে পড়েছে।
জানা গিয়েছে, আকাশ দীপ কুঁচকির চোটে ভুগছেন এবং এই কারণে ম্যাঞ্চেস্টার টেস্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। লর্ডস টেস্ট ম্যাচ চলাকালীন তিনি কুঁচকিতে চোট পান এবং মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন। যদিও কিছুক্ষণ পর তিনি মাঠে ফিরে এসেছিলেন, কিন্তু আর বোলিং করেননি।
প্রসঙ্গত, এজবাস্টন টেস্টে এই পেসার ১০টি উইকেট পেয়েছিলেন। তবে লর্ডসে তিনি খুব একটা ছন্দে ছিলেন না এবং দুই ইনিংস মিলিয়ে মাত্র একটি উইকেট শিকার করেছিলেন। এর আগেও আকাশ পিঠের চোটে ভুগেছেন। গত বছর অস্ট্রেলিয়া সফরে গিয়েও তিনি চোট পেয়েছিলেন, যে কারণে তাঁকে প্রায় তিন মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আকাশ দীপের চোটের কারণে জশপ্রীত বুমরাহকে নিয়ে টিম ম্যানেজমেন্টকে তাদের পরিকল্পনা বদলাতে হয়েছে। শোনা যাচ্ছে, বুমরাহ এবং আকাশকে বাকি দুটি টেস্টে একসঙ্গে খেলানো হবে না। ইংল্যান্ড সফরের আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে বুমরাহ ওয়ার্কলোডের কারণে এই সিরিজে কেবল তিনটি টেস্ট খেলবেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, "আকাশের পিঠের চোটের কারণে তাঁরা একসঙ্গে প্রথম একাদশে খেলবেন না। বুমরাহ যদি ম্যাঞ্চেস্টারে খেলেন, তাহলে আকাশ বাইরে থাকবেন। ওভালে আকাশ ফিরলে বুমরাহ বিশ্রাম নেবেন।"
আকাশ দীপ শেষ পর্যন্ত খেলতে না পারলে প্রসিদ্ধ কৃষ্ণকে প্রথম একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্শদীপের জায়গায় সুযোগ পাওয়া অংশুল কম্বোজকেও খেলানো হতে পারে। তবে ইংল্যান্ড সফরে দুটি টেস্টে সুযোগ পেলেও প্রসিদ্ধর পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না।
ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের আগে একাধিক ক্রিকেটারের চোট ভারতীয় দলের কাছে বড় ধাক্কা। এখন দেখার বিষয়, টিম ম্যানেজমেন্ট এই পরিস্থিতি কিভাবে সামাল দেয়।